প্রকল্পে জনজীবন, উন্নয়ন ও নির্বাচনী ইশতেহারে গুরুত্ব

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ সচিবালয়ে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে, ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ টাকা।  এসব টাকা সরকারি অর্থায়ন ও বৈদেশিক ঋণের মাধ্যমে জোগান দেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলো দেশের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষি ও প্রযুক্তি খাতের অগ্রগতি ত্বরান্বিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন হবে ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে মিলবে ৫ হাজার ৩৪০ কোটি টাকা ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে নতুন ৫টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধির ৪টি প্রকল্প রয়েছে।

জোনায়েদ সাকি বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এ ছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা। যে যে প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের উন্নতির কথা চিন্তা করে  করা হয়েছে, সরকারকে তার দেয় নির্বাচনী ইশতেহার পরিকল্পনা  সেগুলোর সঙ্গে সামঞ্জস্য কিনা? এই সব দিকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছেন।

অনুমোদিত প্রকল্পগুলো হলো এক্সপান্ডিং অ্যাকসেস ফর ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার অব দ্য আরবান পপুলেশন প্রজেক্ট; কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প; পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (তৃতীয় সংশোধিত) প্রকল্প; রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন প্রজেক্ট;  চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন পরিচ্ছন্নকর্মী নিবাস নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প; ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প; সীমান্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় এ সড়ক নির্মাণ হবে; বৈরাগীরপুল-টুমচর-বাউফল জেলা মহাসড়ক (জেড-৮৯১০) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প; বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক (বরিশাল থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প); বরিশাল-লক্ষ্মীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ প্রকল্প; বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্প এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প।