শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা রয়েছে। সেশন জট কমানোর লক্ষ্যে ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
গুজব প্রতিরোধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, যারা গুজব ছড়াচ্ছে বা যাচাই ছাড়া তা প্রচার করছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, বর্তমানে নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এইচএসসি পরীক্ষার সেশনজটের বিষয়ে মন্ত্রী বলেন, এ সমস্যার সমাধানে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। নির্ধারিত দুই বছরের পাঠ্যক্রম সময়মতো শেষ করে ডিসেম্বরের মধ্যেই সব পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করার লক্ষ্য রয়েছে, যাতে শিক্ষার্থীদের অযথা অপেক্ষা করতে না হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।