উইলস লিটল ফ্লাওয়ার স্কুল

বাসায় ডেকে শিক্ষককে অপমান, প্রতিবাদে রাস্তা অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক দয়াল পালকে বাসায় ডেকে নিয়ে অপমান এবং জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কাকরাইল ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি করেন তারা। কর্মসূচি থেকে দয়াল পালের সঙ্গে হওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার এবং অভিযুক্ত বিচারপতি আলী রেজা, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ভুক্তভোগী শিক্ষকের ভাষ্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল ক্লাস চলাকালে এক শিক্ষার্থী একটি বিষয় বারবার বুঝতে না পারায় তিনি বিরক্ত হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষক তাকে শাসন করেন। পরে ওই শিক্ষার্থী বাসায় গিয়ে ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেন। পরে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিচারপতি পিতা স্কুল কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, প্রিন্সিপাল বিষয়টি যাচাই না করেই পক্ষপাতমূলকভাবে শিক্ষক দয়াল পালকে বিচারপতির বাসায় যেতে বলেন। ১৮ এপ্রিল বিচারপতির বাসায় যাওয়ার পর তাকে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং শিক্ষার্থীর সামনে জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ঘটনাটি গত শুক্রবার প্রকাশ্যে এলে শিক্ষাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং শিক্ষক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।