উলশী খাল পুনঃখননের উদ্বোধনে শার্শার উদ্দেশে প্রধানমন্ত্রী, পথে জনতার ঢল

উলশী খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধনে যশোরের শার্শার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকেই যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং অভ্যর্থনা জানাতে রাস্তার দুই পাশে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। জনতার এই স্বতঃস্ফূর্ত ঢল ও উল্লাস শার্শা অভিমুখে প্রধানমন্ত্রীর যাত্রাপথকে এক উৎসবমুখর পরিবেশে পরিণত করেছে।

এর আগে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি যশোর বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বগত জানান।

বিমানবন্দর থেকে সড়কপথে শার্শার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তার দুই ধারে অপেক্ষমাণ হাজার হাজার মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এই সফরে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরের প্রথম ও প্রধান কর্মসূচি হলো শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানিনিষ্কাশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত একটি সুধী সমাবেশে স্থানীয় জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

শার্শার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে ফিরে আসবেন। সেখানে স্বল্প সময়ের বিরতি শেষে বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই পূর্ণাঙ্গ হাসপাতালটি, যার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে। উন্নয়নমুখী এই পদক্ষেপকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যশোরবাসীর জন্য অন্যতম বড় উপহার হিসেবে দেখা হচ্ছে।

সফরের শেষ পর্যায়ে বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দিনভর সব আনুষ্ঠানিকতা শেষে আজ সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকেই ঢাকার উদ্দেশ্যে আকাশপথে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।