পুতিনের সঙ্গে বৈঠকে কী আলোচনা হবে, জানালেন আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সফরকে ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ায় পৌঁছে ইরানি গণমাধ্যমকে আরাগচি জানান, আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে তেহরান ও মস্কোর ঘনিষ্ঠ পরামর্শ ও সমন্বয় প্রক্রিয়া অব্যাহত রাখাই তার সফরের মূল লক্ষ্য।

তিনি বলেন, পুতিনের সঙ্গে আজকের বৈঠকে যুদ্ধ পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার মতে, এই বৈঠক দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক সমন্বয়কে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
 
আরাগচি আরও বলেন, আঞ্চলিক সংকট মোকাবিলায় ইরান ও রাশিয়ার মধ্যে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ২৪ ঘণ্টায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী একাধিক দেশ সফর করেছেন। ইসলামাবাদ দিয়ে শুরু হওয়া তার এই সফরসূচিতে এরপর ওমানের মাস্কাটে যাওয়া এবং পুনরায় ইসলামাবাদে ফিরে আসার পর তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। 

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ইরানের একটি বৃহৎ ও পরিকল্পিত কূটনৈতিক উদ্যোগের অংশ। এর মাধ্যমে তেহরান আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাইছে এবং চলমান সংকটময় পরিস্থিতিতে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে।