মস্কোর ক্যাফের কাছে বিস্ফোরণ, নিহত ৩

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২:৫৫ এএম

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ক্যাফের কাছে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) শহরের কুদ্রিনস্কায়া স্কয়ারে এ ঘটনা ঘটে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিট) কুদ্রিনস্কায়া স্কয়ারের বিল্ডিং-১ এর কাছে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে মস্কো পুলিশ জানায়, বিস্ফোরণে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ, দমকল ও জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেন। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে কুদ্রিনস্কায়া স্কয়ারের আশপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া বারিকাদনায়া মেট্রো স্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিস্ফোরণের কারণ ও এর পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: আল জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত