দুই দশক পর ‘কাভি আলবিদা না ক্যাহনা’

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমায় বিবাহবহির্ভূত সম্পর্ক, দাম্পত্যের অশান্তি এবং মানসিক দূরত্বের মতো সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছিল। পরিচালক করণ জোহরের জনপ্রিয় এই সিনেমাতে জুটি হয়ে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, রানি মুখার্জি ও প্রীতি জিনতা। ছবিটি বক্স অফিসে খুব ভালো সাড়া পেয়েছিলো। সে সময় ভারতে ৪৫ কোটি এবং বিশ্বব্যাপী ১১০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। 

সেই সিনেমা আবার ফিরছে নতুন আঙ্গিকে। তবে এবার বড় পর্দায় নয়, দর্শকদের সামনে আসবে ওয়েব সিরিজ হিসেবে। প্রায় ২০ বছর পর এই ঘোষণা দিয়েছেন নির্মাতা নিজেই। 

সম্প্রতি সংবাদমাধ্যম দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, ‘কাভি আলবিদা না ক্যাহনা’কে দীর্ঘ ওয়েব সিরিজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, ‌‘আমরা এটিকে একটি দীর্ঘ সিরিজ হিসেবে ফিরিয়ে আনছি। খুব শিগগির কাজ শুরু হবে।’ 

পরিচালকের মতে, এই গল্প বর্তমান সময়ে সিরিজের ফরম্যাটে বলার জন্য আরও বেশি উপযুক্ত। তবে এটি শুধু মূল সিনেমার রিমেক হবে না, বরং আধুনিক সম্পর্কের জটিলতা আরও গভীরভাবে তুলে ধরা হবে। 

তবে নতুন সিরিজে শাহরুখ খান, রানি মুখার্জি কিংবা প্রীতি জিনতার জায়গায় কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি করণ। সে সময় বিষয়বস্তু নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হলেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্মাতাকে।