পশ্চিমবঙ্গের ভোটের নিয়ন্ত্রণ এখন যাদের হাতে

পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে গত সাত-আট বছরে এক নীরব কিন্তু গভীর পরিবর্তন ঘটেছে। রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দলের ভোটকৌশল এখন আর পুরোপুরি দলের শীর্ষ নেতৃত্বের হাতে নেই। বরং তা অনেকটাই নিয়ন্ত্রণ করছে দুটি বহিরাগত সংস্থা। 

শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই ভূমিকায় রয়েছে 'আই-প্যাক' বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। বছর কয়েক আগে লোকসভা নির্বাচনে বিজেপির অগ্রগতিতে চাপে পড়ে দলটি এই পরামর্শক সংস্থাকে রাজ্যে নিয়ে আসে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। 

পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পেছনে আই-প্যাকের কৌশলগত ভূমিকা ছিল, এমন ধারণাও রাজনৈতিক মহলে ব্যাপকভাবে প্রচলিত। যদিও এই সাফল্যে ঠিক কতটা তাদের অবদান, তা নিয়ে ভিন্নমত রয়েছে।

তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, জেলা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত তৃণমূলের সাংগঠনিক কাঠামোতে সিদ্ধান্ত গ্রহণে এখন আগের মতো স্থানীয় নেতাদের একক ভূমিকা নেই। বহু ক্ষেত্রে সিদ্ধান্ত আসছে আই-প্যাকের পেশাদার টিমের কাছ থেকে।

দলের প্রার্থী বাছাই, প্রচারণার কৌশল, এমনকি জনসংযোগের ধরন সব ক্ষেত্রেই তাদের নির্দেশনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ ও আলোচনা রয়েছে।
উত্তরবঙ্গের এক তৃণমূল বিধায়কের কথায়, 'আই-প্যাকের নির্দেশ ছাড়া তৃণমূলের ভেতরে এখন একটা পাতাও নড়ে না।'

এদিকে বিরোধী শিবিরেও প্রযুক্তিনির্ভর নির্বাচনী কৌশলের ব্যবহার বাড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। অনেকেই বলছেন, পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি এখন ধীরে ধীরে পেশাদার কৌশল নির্ভর নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে।