ফরিদপুর পৌরসভার নাগরিকদের দীর্ঘদিনের নানা ভোগান্তি নিরসনে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ভুক্তভোগী নাগরিকবৃন্দ পৌরসচিবসহ ঊর্ধ্বতন কৃর্তপক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
এরআগে পৌরসভার সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভা কর্তৃক তেমন কোন সেবা তারা পাচ্ছেন না।
কয়েকমাস ধরে পানি সমস্যা, ড্রেনেজ সমস্যাসহ বিভিন্ন সমস্যায় নাগরিকেরা ভোগান্তির মধ্যে থাকলেও পৌর কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না। ফলে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
বক্তারা বলেন, দ্রুত সমস্যার সমাধান না করা হলে তারা পৌরসভা ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি দেবেন। স্মারকলিপি প্রদানকালে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নাগরিকেরা উপস্থিত ছিলেন। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন ফরিদপুর পৌরসভার সচিব মো. তানজিলুর রহমান সহ পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা।