নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পিএম

ফরিদপুর সদরে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের রোকমান খার ডাঙ্গী গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যবসায়ীর নাম ইউসুফ ফকির (৪৫)। তিনি সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোকমান খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা সেকেন ফকিরের ছেলে। তিনি পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ডায়াবেটিস মাপানোর কথা বলে স্থানীয় মমিনখার হাট বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ইউসুফ। বাজার শেষে সন্ধ্যার দিকে একটি ইজিবাইকে করে তিনি বাড়ির সামনে এসে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

এরপর পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে মোবাইল ফোনে কল কেটে দেওয়া হয় এবং রাত ৯টার পর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ইউসুফের ভাতিজা সাইফুল ফকির ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী মদ্দীন ফকির জানান, আজ ভোরে স্থানীয় কয়েকজন ইউসুফের বাড়ির ৩০০ মিটার দূরে পাটক্ষেতের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। মরদেহের মুখ দিয়ে কীটনাশকের ফেনা বের হচ্ছিল এবং পাশে একটি কীটনাশকের বোতল পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ভোরের কিছু আগে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত