গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. শিবলী কায়েছ মীরের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
জানা গেছে, উপজেলার ফাঁসিতলা উচ্চ বিদ্যালয় বন্ধ রেখে বৈশাখী মেলার নামে নগ্ন নৃত্য চলছিল। গত ২২ এপ্রিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইনে এ বিষয়ে একটি বস্তুনিষ্ঠ খবর প্রকাশ হয়। এতে সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়ে। এরই প্রেক্ষিতে গত ২৩ এপ্রিল উপজেলার প্রশাসনের নির্দেশে এসআই শিবলী কায়েছ সঙ্গীয় ফোর্স নিয়ে নগ্ন নৃত্যের আসর গুড়িয়ে দেন।
এসআই কায়েছ জানান, এ ঘটনার পর থেকে মেলার নামে নগ্ন নৃত্যের আসর পরিচালনাকারীরা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা এ ঘটনার পরদিন ২৪ এপ্রিল দুপুর ১২টার দিকে, "বিটিসি নিউজ" নামক একটি ফেসবুক আইডিতে (লিংক: https://www.facebook.com/share/1b2FwgD7mj/) এসআই কায়েছের ছবি ব্যবহার করে অপ প্রচার চালান। এতে বলা হয়, ঘুষ না পেয়ে মেলা ভেঙ্গে দিলেন এসআই শিবলী কায়েছ মীর। শুধু তাই নয় এরপর থেকে তার বিরুদ্ধে ওই আইডিতে নানা অপপ্রচার অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে গত ২৪ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন, যার নম্বর ১২২০/২৬।
জিডির তদন্তকারী কর্মকর্তা এস আই প্রদীপ কুমার বর্মণ জানান, আদালতের অনুমতি সাপেক্ষে "বিটিসি নিউজ" আইডিটি শনাক্ত করার জন্য ফরেনসিকে পাঠানোর কার্যক্রম চলছে। সেখান থেকে প্রতিবেদন আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সাইবার অপরাধের মাধ্যমে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করলে বা মিথ্যা অপপ্রচার চালালে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে