নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ। টানা ৩ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে ছিল, সেই সময়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ও শামীম হোসেন।
১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ৪৪ রান তোলে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১৩ বলে ১৭ রান করে সাজঘরে ফিরলে উইকেটে আসেন লিটন দাস। লিটন ২১ রান করে ইশ সোধির বলে বোল্ড হন এবং থিতু হয়ে থাকা তানজিদ হাসান তামিম ২৫ বলে ২০ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে টাইগাররা।
তবে সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন। চতুর্থ উইকেট জুটিতে তারা মাত্র ২৩ বলে ৪৮ রান যোগ করেন। পারভেজ ১৪ বলে ২৮ রানের এক কার্যকরী ইনিংস খেলে বিদায় নিলেও অপরপ্রান্তে অবিচল ছিলেন হৃদয়।
ম্যাচের আসল রোমাঞ্চ শুরু হয় শেষ দিকে। ২৬ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দেন শামীম হোসেন। বিশেষ করে ইনিংসের ১৬তম ওভারে নাথান স্মিথকে শামীমের মারা 'নো লুক' ছক্কাটি ছিল চোখে পড়ার মতো।
জয়ের জন্য শেষ ৪ ওভারে যখন ৩০ রান দরকার, তখন ১৭তম ওভারে নিউজিল্যান্ডের বোলার ম্যাথু ফিশারের ওপর চড়াও হন শামীম। ওই এক ওভারেই তিন চার ও এক ছক্কাসহ ২৫ রান তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। শেষ পর্যন্ত হৃদয় ২৭ বলে ৫১ এবং শামীম মাত্র ১৩ বলে ৩১ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
দেশের মাঠে বাংলাদেশের রান তাড়ায় জয়ের কীর্তি এটি। গত নভেম্বরে এই মাঠেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭১ রান তাড়ায় জয় ছিল আগের রেকর্ড।