'শামীম ক্রিজে এসেই যেভাবে মেরেছে তা অবিশ্বাস্য'

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ে দারুণ তৃপ্ত ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করে জয় পাওয়ার মূল কৃতিত্ব তিনি দিচ্ছেন মিডল অর্ডার ব্যাটারদের। বিশেষ করে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেনের ব্যাটিংয়ের প্রশংসা ঝরেছে তার কণ্ঠে।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় লিটন বলেন, "নিঃসন্দেহে এটি একটি দারুণ ম্যাচ ছিল। আমাদের ব্যাটিংয়ের ধরনে আমি খুব খুশি। হৃদয় ও ইমন মাঝপথে দারুণ খেলেছে, আর শামীম তো অবিশ্বাস্যভাবে শেষ করে দিয়ে এল।"

চট্টগ্রামের উইকেট নিয়ে লিটন বলেন, "এই মাঠে ১৮৩ রান তাড়া করা মোটেও সহজ ছিল না। ইনিংসের মাঝামাঝি সময়ে উইকেট কিছুটা স্লো হয়ে গিয়েছিল। আমি শুরুতেই বলেছিলাম যে পাওয়ার প্লে-তে আমাদের রান তুলতে হবে। শুরুতে ভালো রান পেলে মিডল অর্ডারের জন্য কাজটা সহজ হয়। তবে হৃদয় ও শামীম যেভাবে ব্যাটিং করেছে, তাতে মনে হতে পারে লক্ষ্যটা সহজ ছিল, কিন্তু আদতে তা ছিল না।"

নিজের আউট হওয়া প্রসঙ্গে লিটন কিছুটা আক্ষেপ করে বলেন, "ব্যাটিং করতে ভালোই লাগছিল। কিন্তু ইশ সোধির সেই বলটি একটু নিচু হয়ে এসেছিল। ব্যাটসম্যান হিসেবে এমন কিছু বলে আসলে করার কিছু থাকে না।"

২৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতা তাওহীদ হৃদয় তার সাফল্যের রহস্য হিসেবে পরিস্থিতির দাবিকে এগিয়ে রাখছেন। তিনি বলেন, "আমি কেবল পরিস্থিতির কথা ভেবেছি এবং সে অনুযায়ী খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছিল ওই সময়ে রান তোলা প্রয়োজন ছিল, তাই আমি অ্যাটাক করেছি।"

সঙ্গী শামীম হোসেনের প্রশংসা করে হৃদয় বলেন, "শামীম অসাধারণ ব্যাটিং করেছে। ও ক্রিজে এসেই যেভাবে খেলা শুরু করেছে তা অবিশ্বাস্য।"