মক্কায় আগত হজযাত্রীদের উচ্চমানের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি আরবের পরিবেশ ও পানি মন্ত্রণালয়ের মক্কা শাখা বিশেষ হজ কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই কার্যক্রমের আওতায় আগামী ৬ জুন পর্যন্ত মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ ও জরুরি সেবা প্রদান নিশ্চিত করা হবে।
মক্কা শাখার মহাপরিচালক ওয়ালিদ বিন ইব্রাহিম আল-দুগাইস সৌদি প্রেস এজেন্সিকে জানান, এবারের প্রস্তুতিতে অতীতের চ্যালেঞ্জগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করে নতুন কর্মকাঠামো এবং একটি পূর্ণাঙ্গ ঝুঁকি তালিকা তৈরি করা হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো সেবার মান বৃদ্ধি এবং হজযাত্রীদের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখা।
এই প্রকল্পের আওতায় অপারেশন সেন্টার, কসাইখানা, পাবলিক মার্কেট এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোর যাবতীয় কার্যক্রম তদারকি করা হবে।
আল-দুগাইস আরও উল্লেখ করেন, ভিড়ের সময় বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে একটি শক্তিশালী ও নিরবচ্ছিন্ন সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিশেষ করে, মাঠ পর্যায়ের নজরদারিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে যেকোনো ধরনের পরিস্থিতি দ্রুত এবং দক্ষতার সঙ্গে মোকাবিলা করা সম্ভব হয়।