জুলাই হত্যাকাণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ 

গণ-অভ্যূত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ১১ মে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি হবে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২ সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কের শুনানির জন্য এদিন ধার্য করে। আসামিদের বিরুদ্ধে মোট ২৬ জন সাক্ষী জবানবন্দি দেন। পরে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। প্রসিকিউটর ফারুক আহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, ‘আজ জেরা শেষ হয়েছে। ১৭ মে যুক্তিতর্কের শুনানি শুরু হবে।’  

এ মামলার সাত আসামি হলেন, ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাত আসামির সবাই পলাতক এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

গত ১৭ ফেব্রুয়ারি এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ওই দিন ট্রাইব্যুনালে জবানবন্দি দেন জুলাই অভ্যূত্থানে শহীদ মো. আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক। এর আগে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।