রামিসা হত্যা: আসামিদের ডেথ রেফারেন্স শুনানি কার্যতালিকায়

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:৪৫ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় অধস্তন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চের রবিবারের কার্যতালিকায় দেখা যায়, সোহেল ও স্বপ্নার ডেথ রেফারেন্স এবং জেল আপিল শুনানির জন্য ২২ নম্বরে রয়েছে।

গত ৭ জুন ঢাকার একটি আদালত রামিসা হত্যা মামলায় আসামি সোহেল ও স্বপ্নাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের রায় দেয়। এরপর ৯ জুন দুজনের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী অধস্তন কোনো বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ডের রায় হলে তা কার্যকরে হাইকোর্টে শুনানি সাপেক্ষে অনুমোদন লাগে। গত ১৪ জুন আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। পরবর্তীতে দুজনের পক্ষে শুনানি করতে স্টেট ডিফেন্স কাউন্সেল (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) নিযুক্ত করা হয়।

গত ১৯ মে পল্লবীতে রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে বাসার জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল। ২১ মে আসামি সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশের পর ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য নিয়ে ওই দিন সাক্ষীদের জেরা শেষ হয়। পরদিন ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থণের শুনানির হয়। পরে ৪ জুন যুক্তিতর্কের শুনানি শেষে ৭ জুন রায় হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত