তেলের জন্য লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার(২৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলার খানসামা উপজেলার চৌরঙ্গী এলাকায় অবস্থিত ওমর ফারুক ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম মো. মাসুদ (৫০)। তিনি নীলফামারী জেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানী এলাকার সুঠি পাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ওই ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি ছিল। মাসুদও তার প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। লাইনে থাকা অবস্থায় বেলা ২টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সেখানে উপস্থিত অন্য গ্রাহকরা তাকে উদ্ধার করে খানসামা উপজেলার পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেন নিহতের পিতা মফিজ উদ্দিন। তিনি জানান, খবর পেয়ে আমরা খানসামা গিয়ে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসি। 

 

 

--