সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম

দিনাজপুরের বিরলে বিবাহবিচ্ছেদের জেরে সাবেক স্ত্রীকে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক স্বামী মাহবুবুর রহমানকে আটক করেছে পুলিশ। উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

অভিযুক্ত মাহবুবুর রহমান (৫১) রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন। দগ্ধ শ্যামলী চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত মাহবুবুর রহমান পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেয়ের নানী মোমিনা বলেন, প্রথমে ছুরি দিয়ে আমার নাত‌নি‌কে মারার চেষ্টা করা হয়েছিল। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, হামলাকারী একজন। আমরা তাকে আটক করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত