কালবৈশাখীতে গতকাল সোমবার ভোরে বজ্রপাত ও গাছচাপায় দেশের বিভিন্ন জেলায় অন্তঃসত্ত্বা নারীসহ আটজন নিহত হয়েছে। এর মধ্যে জামালপুুরে ঘরের ওপর গাছ পড়ে মা-মেয়েসহ তিনজন, নেত্রকোনার হাওরে বজ্রপাতে দুইজন, বগুড়ায় গাছচাপায় এক ব্যবসায়ী, সিরাজগঞ্জে ঘরের ওপর গাছ পড়ে এক নারী এবং নওগাঁয় গাছচাপায় আন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো খবর
জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখীতে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা খুকি বেগম (৬৫), দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফাতেমা আক্তার ফতে (৩৭) নামের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, রাতে মা খুকি বেগম দুই মেয়েকে নিয়ে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বসতঘরে পাশে থাকা একটি বড় মেহগনি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। সকালে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
নেত্রকোনা : নেত্রকোনার খালিয়াজুরী হাওরে বজ্রপাতে হালান মিয়া (৫০) ও মোতালিব (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন। এর মধ্যে দুপুরে খালিয়াজুরীর সাতগাঁও হাওরের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় কৃষক হালান মিয়ার। তিনি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাসিন্দা। অন্যদিকে সকালে জগন্নাথপুর গোদারা (ফেরি) ঘাট এলাকায় হাওরের ধনু নদে মাছ ধরতে এসে বজ্রপাতে মৃত্যু হয় মৎস্য শিকারি মোতালিব মিয়ার। নিহত মোতালিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আজকে দুজনে মৃত্যু হয়েছে। ঘটনাটি যেহেতু বজ্রপাতে হয়েছে, তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং আইনি প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া : বগুড়ার গাবতলীতে কালবৈশাখীতে গাছচাপায় উমা চন্দ্র (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে দোকানের ওপর একটি বটগাছ ভেঙে পড়ে এ ঘটনা ঘটে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানে রাতে ঘুমিয়ে ছিলেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উমা চন্দ্রের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ : কালবৈশাখীতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর রাতে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী পুকুরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন (৪৫) উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশেই ছোট একটি ঘর তুলে বসবাস করছিলেন নাসিমা খাতুন। ভোর রাতে হঠাৎ কালবৈশাখী শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল রেইনট্রি গাছ উপড়ে তার ঘরের ওপর ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখীতে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে আরাফাতুন খাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে সরকারি কলেজ মাঠসংলগ্ন আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার আরাফাত হোসেনের স্ত্রী। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।