প্রাথমিকে নিয়োগের সুপারিশপ্রাপ্তদের স্মারকলিপি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার রাজধানীর মিরপুর-২ এলাকায় অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে তারা স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে প্রার্থীরা বলেন, ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তারা এখনো নিয়োগপত্র পাননি। প্রয়োজনীয় সব যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও নিয়োগপ্রক্রিয়া অনেক দিন ধরে ঝুলে থাকায় তারা অনিশ্চয়তায় আছেন ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন।

তারা আরও জানান, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় তাদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের ভিত্তিতে তারা আশাবাদী হয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে প্রার্থীরা দুটি দাবি উত্থাপন করেছেন। এগুলো হলো চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত সব প্রার্থীকে দ্রুত নিয়োগপত্র প্রদান এবং স্বল্পতম সময়ের মধ্যে যোগদান ও পদায়ন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা।

একই দাবিতে গত রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। পরে গতকাল তারা মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে নতুন করে আন্দোলন শুরু করেন। আন্দোলনের অংশ হিসেবেই তারা এদিন স্মারকলিপি জমা দেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন। প্রয়োজন হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করারও ইঙ্গিত দেন তারা।