হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আক্রান্ত ৯৭২

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৯ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৭২ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১৮৭ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ১৫৯ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৮৯৪ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৩০ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৯০ জনের। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ঢাকা বিভাগের একজন, সিলেটের দুজন ও চট্টগ্রাম বিভাগের একজন। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬১ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৬১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত