এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে
লাস্যময়ী অভিনেত্রী সাই পল্লবী। মুম্বাইয়ে বলিউড তারকা আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’-এর প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাই পল্লবী। আগামী ১ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রচারণায় সাই পল্লবীর হিন্দি বলার ধরন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ট্রলিংয়ের শিকার হতে হচ্ছে তাকে।
জানা গেছে, হিন্দিতে কথা বলতে গিয়ে রীতিমতো হিমশিম খান সাই। এক পর্যায়ে তিনি নিজেই হাসিমুখে স্বীকার করে নেন, ‘আমার হিন্দি খুব একটা ভালো নয়।’ অভিনেত্রীর এই সহজ স্বীকারোক্তিকে সহজভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়।
পাশাপাশি রামায়ণের মতো মহাকাব্যিক সিনেমায় সীতার মতো আইকনিক চরিত্রের জন্য কেন তাকে বাছাই করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘সাই পল্লবীকে দেখুন, যিনি সাধারণ হিন্দি শব্দগুলোও বলতে পারছেন না। আর তিনি কি না রামায়ণে সীতা মাতার চরিত্রে অভিনয় করছেন।’