‘চুমু’ নিয়ে মন্তব্য করে বিতর্কে সাই পল্লবী

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম

ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর একটি সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে তিনি আপত্তি তুলেছেন অভিনয় নিয়ে। সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য এবং চুম্বনের দৃশ্যে অভিনয় করার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই ঘোরতর আপত্তি ছিল তার। সেই আপত্তির কথাই আবারও আলোচনায় উঠে এল। 

সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, একাধিক পরিচালক তাকে চুম্বনের দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তার মতে, এই সিদ্ধান্ত কোনভাবেই ক্যারিয়ারের কথা ভেবে নেওয়া নয়, বরং সম্পূর্ণ তার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে জড়িত। 

তার মতে, তিনি যদি কোনও সম্পর্কে থাকেন, তাহলে অভিনয়ের জন্য প্রয়োজন হলেও অন্য কাউকে চুম্বন করতে তিনি স্বচ্ছন্দ বোধ করেন না। তার বিশ্বাস, জীবনে একটি সুখী পরিবার, নিজের ঘর এবং মানসিক শান্তি অনেক বেশি প্রয়োজন৷ এগুলো অর্থ উপার্জনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র বেশি পারিশ্রমিকের জন্য নিজের নীতির বিরুদ্ধে গিয়ে কোনও চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। 

তিনি আরও জানান, তিনি যে ধরনের কাজের সুযোগ পান, তাতেই খুশি। তিনি চান মানুষ তার অভিনয় দক্ষতার জন্য তাকে বেছে নিক, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য নয়। যদি কোনো পরিচালক মনে করেন যে ওই ধরনের দৃশ্য ছবির জন্য অপরিহার্য, তাহলে অন্য কোনও অভিনেত্রীকে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা তার রয়েছে। এই কারণে অভিনয়ের সুযোগ হাতছাড়া হলেও কোন আপত্তি নেই বলেও জানান সাই পল্লবী। 

পুরনো এই ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকে সাই পল্লবীর সিদ্ধান্তকে সমর্থন করলেও, কেউ কেউ প্রশ্ন তুলেছেন, প্রেমিক না থাকলে কি তবে তিনি পর্দায় চুমু খেতে রাজি হতেন?

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত