চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় ৭০০ যাত্রী নিয়ে ট্রেনটি আটকা পড়েছে। এ ঘটনায় ট্রেনের এক সহকারী লোকোমাস্টার (এএলএম) আহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী রেলস্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
রেলওয়ে কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে ট্রেনটি আটকা পড়েছে। ট্রেনটির ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ত্রুটি শনাক্ত ও সমাধানের চেষ্টা করতে গেলে সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আহত হয় তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় অনেক যাত্রীকে স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করতে দেখা গেছে। তবে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হওয়ায় চরম বিপাকে পড়ে যাত্রীরা।
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, লাকসাম থেকে একটি রিলিফ ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। সেটি পৌঁছালে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রীদের ধৈর্য ধরার জন্য মাইকিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, ফেনী থেকে যেসব যাত্রীর এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।