ফেনীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এলজিইডি মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী। প্রশিক্ষণের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষক সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ কে এম আব্দুর রহিম, দৈনিক অজয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ ও দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে ফেনীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক ও সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিংসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।