কুরিয়ার সার্ভিসে পাচার

সুন্দরবনের নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ শামুক-ঝিনুক জব্দ করেছে বন বিভাগ ও শ্যামনগর থানা পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে শ্যামনগর পৌরসভার একটি কুরিয়ার সার্ভিস থেকে ৫০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ২২৫০ কেজি। 

বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরিত এসব নিষিদ্ধ শামুক-ঝিনুক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজারে নুর আলম নামে এক ব্যক্তির কাছে পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল। শ্যামনগর উপজেলার মো. হানজালা নামে এক ব্যক্তি পার্সেল পাঠানোর ব্যবস্থা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে এগুলো দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল।

ফজলুল হক আরও জানান, স্থানীয় অভিযোগের ভিত্তিতে জানা গেছে—একটি চক্র দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে গোপনে এসব শামুক-ঝিনুক দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছে। পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এগুলো অন্য পণ্যের আড়ালে প্যাকেটজাত করে পরিবহন করে।

স্থানীয় কুলতলী গ্রামের বাসিন্দা রাজিব হাসান বলেন, কুরিয়ার অফিসে প্রায়ই সন্দেহজনক প্যাকেট আসা-যাওয়া করতে দেখা যায়। যথাযথ তদারকি না থাকায় এ ধরনের অবৈধ কার্যক্রম সহজেই চালানো সম্ভব হচ্ছে বলে তিনি মনে করেন।

অভিযান প্রসঙ্গে ফজলুল হক জানান, জব্দকৃত শামুক-ঝিনুকের উৎস এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত শামুক-ঝিনুক বন বিভাগের জিম্মায় নেওয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পরিবেশবিধ্বংসী এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।