পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বজ্রপাতে সৌরভ মজুমদার নামে এক যবুকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সৌরভ মজুমদার (২২) ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ি সংলগ্ন মাঠে নিজেদের গরু বাঁধতে গেলে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাত্র এক সপ্তাহ আগে তিনি প্রথম সন্তানের বাবা হয়েছেন। তার এমন অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।