স্কুলে এসেই হঠাৎ ছাত্রীর আকস্মিক মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়ে অনুপমা রায় নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটে।

মৃত অনুপমা রায় (১৩) উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে ও ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান,  অনুপমা রায় প্রতিদিনের মতো সাইকেলে করে স্কুলে আসে। সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে অনুপমা মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুমন ধর জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাননি তিনি। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ বিষয়ে শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।