হাওর ও সীমান্তবর্তী জেলা নেত্রকোনায় দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক 'দেশ রূপান্তর'-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তন চত্বরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন— অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর ইসলাম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল ও মুখলেছুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, সাংবাদিক ভজন দাস এবং খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুল রহিম রুহী।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর পত্রিকার জেলা রিফাত আহমেদ রাসেল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে অতিথিরা বলেন, আগামী দিনগুলোতে নেত্রকোনা জেলার সম্ভাবনা, অর্থনীতি, অনিয়ম-দুর্নীতি, উন্নয়ন ও দুর্ভোগসহ পর্যটন খাতের নানা বিষয় নিয়ে পত্রিকাটি নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।
বক্তারা দেশের গণতন্ত্র রক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্বশীলতার সাথে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।