মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কমলগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশ রূপান্তরের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল দেশ রূপান্তর এর সম্পাদক মোস্তাফিজ শফির উপস্থিতি। তিনি ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দেশ রূপান্তরের অগ্রযাত্রায় কমলগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পতাকা নিউজের সম্পাদক দেশ বরেণ্য সাংবাদিক তৌহিদুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের প্রধান সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, দেশ রূপান্তর অল্প সময়ে পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি দেশের উন্নয়ন ও জনমানুষের কথা তুলে ধরবে এটাই প্রত্যাশা। বক্তারা দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পত্রিকাটি যেভাবে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরছে তার প্রশংসা করেন।
কমলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।