প্রবাসীকে হত্যা: ৭ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে এক প্রবাসীকে হত্যার দায়ে ৭ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম এর অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা (প্রকাশ শহীদ), হোসেন (প্রকাশ মো. হোসেন), জামাল, জসিম ও মিল্টন সরদার। অন্যদিকে খালাসপ্রাপ্তরা হলেন—মো. হুমায়ন কবির, পনু ব্যাপারী, আবু তাহের, মনির হোসেন, মো. ডালিম মল্লিক, কবির বেপারী, কামাল সিকদার, সাহাব উদ্দিন ও মঈন উদ্দিন। 

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. হাসেম বলেন, চট্টগ্রাম নগরের আমিরবাগ এলাকার বাসিন্দা মো. রফিক নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ জনকে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা (প্রকাশ শহীদ) ও হোসেন (প্রকাশ মো. হোসেন) আদালতে উপস্থিত ছিলেন। আসামি জামাল, জসিম ও মিল্টন সরদার আদালতে অনুপস্থিত ছিলেন। 

জানা গেছে, ২০০৭ সালের ১৬ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী মো. রফিক দেশে আসেন। ১৪ আগস্ট রাতে তিনি নগরের কদমতলী এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পরে রাত ৯টার দিকে পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন। এর কিছু সময় পর তিনি নিখোঁজ হন। রাত সাড়ে ১০টার দিকে সহকর্মীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জানা যায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে নগরের আমিরবাগ এলাকায় ফেলে যায়। এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় নিহতের ভাই জাকির হোসেন লুলু হত্যা মামলা দায়ের করেন।