মুরাদনগরে বিদ্যালয় থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৩) নামের এক যুবককে প্রধান আসামি করে গত শুক্রবার (২৪ এপ্রিল) থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

মামলা সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের একটি বিদ্যালয় থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে মটকিরচর ঈদগাঁহ এলাকায় পৌঁছালে অভিযুক্ত সাইফুল ইসলাম ও অজ্ঞাতনামা এক সিএনজি চালক জোরপূর্বক শিক্ষার্থীর মুখ চেপে ধরে অপহরণ করে। পরে তাকে হোমনা উপজেলার কুটুমবাড়ী সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিকেলে ছাত্রীকে আবার বিদ্যালয়ের সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে বাড়িতে ফিরে শিক্ষার্থী বিষয়টি তার মাকে জানায়।

ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী নেই, মেয়েটা স্কুলে গিয়ে সর্বনাশ হয়ে আসল। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি অভিযোগ করেন, মামলা তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।