রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেসব উত্তর কোরীয় সেনা নিজেদের সঙ্গে থাকা গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে আত্মাহুতি দিয়েছে, তাদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের সন্দেহভাজন একটি চরমপন্থি নীতির সত্যতা নিশ্চিত হলো। এই সপ্তাহে দেওয়া এক ভাষণে উত্তর কোরীয় নেতা বলেন, ‘যারা সম্মান রক্ষার তাগিদে দ্বিধাহীনভাবে আত্মঘাতী হামলার পথ বেছে নিয়েছে, তারা প্রকৃত বীর।’ দক্ষিণ কোরিয়ার অনুমান অনুযায়ী, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্কের অংশবিশেষ পুনরুদ্ধারে সহায়তা করতে অন্তত ১৫ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে এবং এ পর্যন্ত ছয় হাজারের বেশি সেনা নিহত হয়েছে। তবে পিয়ংইয়ং বা মস্কো কোনো পক্ষই এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেনি।
গোয়েন্দা সংস্থার তথ্য মতে উত্তর কোরীয় সেনাদের প্রতি পিয়ংইয়ং-এর স্পষ্ট নির্দেশ রয়েছে যে, ইউক্রেনের হাতে বন্দি হওয়ার চেয়ে তারা যেন নিজেদের প্রাণ কেড়ে নেয়। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার পিয়ংইয়ং-এ নিহত সেনাদের স্মরণে একটি স্মৃতিসৌধ উন্মোচনের সময় কিম বলেন, বিনিময়হীন তাদের এই আত্মত্যাগ এবং কোনো পুরস্কারের আশা ছাড়া তাদের এই নিষ্ঠা এটিই আমাদের সেনাবাহিনীর আনুগত্যের সর্বোচ্চ শিখরের সংজ্ঞা। এই অনুষ্ঠানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ এবং রুশ পার্লামেন্টের স্পিকার ভ্যাচেসøাভ ভোলোডিন উপস্থিত ছিলেন।