শিক্ষামন্ত্রী বললেন

শিক্ষার্থীদের জন্য জুলাই থেকে আসছে ফ্রি ড্রেস-ব্যাগ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা ও পাটের ব্যাগ বিতরণের একটি পাইলট প্রকল্প চালু করা হবে।

গতকাল বুধবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে এ উদ্যোগের আওতায় দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এক সেট করে স্কুল ইউনিফর্ম, জুতা ও পাটের ব্যাগ বিতরণ করা হবে। আগামী ১৮০ দিনের মধ্যেই এ কর্মসূচির বাস্তব অগ্রগতি দেখা যাবে। ধাপে ধাপে এটি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিস্তৃত করা হবে এবং পরে মাদ্রাসা ও ইবতেদায়ি শিক্ষার্থীদেরও এর আওতায় আনা হবে।

ড. মিলন বলেন, এত বড় উদ্যোগ বাস্তবায়নে সরকারের পাশাপাশি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও শিল্প উদ্যোক্তারা করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

বিজিএমইএ ইতোমধ্যে এক লাখ সেট পোশাক ও জুতা দেওয়ার অঙ্গীকার করেছে। বিকেএমইএ, বিটিএমএ এবং বসুন্ধরা গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানগুলোও এই মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হবে।

ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ উদ্যোগের প্রয়োজনীয়তা ও সরকারের সক্ষমতার বিষয়টি তুলে ধরে বলেন, সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ করার মতো পূর্ণ সক্ষমতা সরকারের রয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও মধ্যাহ্নভোজ নিশ্চিত করা হচ্ছে।

তিনি জানান, পাইলট কর্মসূচির আওতায় দেশের প্রতিটি উপজেলার অন্তত দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এ সুবিধা দেওয়া হবে। পরে বিদ্যালয়ের সংখ্যা আরও বাড়ানো হবে এবং ধাপে ধাপে দেশের সব শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আবু খোয়েম চৌধুরী এবং বিজিএমইএ সভাপতি মাহমুদুল হক বাবুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।