কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া ভেড়ামারা থানায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে জনি ওরফে রাজিম (২৮) নামের যুবকের যাবজ্জীবন কারাদ- এবং এক লাখ টাকার জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের দ-াদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল)-এর বিচারক জয়নাল আবেদীন জনাকীর্ণ আদালতে পলাতক আসামির অনুপস্থিতিতে এই রায় দেন। দ-প্রাপ্ত হলেন ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে জনি ওরফে রাজিম (২৮)।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও দুয়েকজনের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের সূত্রে নিজেকে সেনা সদস্য পরিচয়দানকারী আসামি জনি ২০২২ সালের ১ জানুয়ারি রাতে একই উপজেলার বাসিন্দা বাদিনী তরুণীর বাড়িতে দেখা করে। এ সময় বাদিনীর বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে জনি বাদিনীকে ধর্ষণ করে। এরপর থেকে আসামি জনি ওই তরুণীকে বিয়ে করার প্রলোভন দিয়ে অসংখ্যবার ধর্ষণ করেছে। একপর্যায়ে বাদিনী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ইতিমধ্যে ২০২৩ সালের ২ মার্চ আসামির ঔরসে বাদিনীর গর্ভে একটি পুত্রসন্তান জন্ম গ্রহণ করে। এতে উপায়ান্তর না পেয়ে ২০২৩ সালের ২২ জুন বাদিনী কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নালিশী মামলা করেন।

আসামি জনি ২০২৩ সালের ১৫ জুলাই পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে কারাবাসে ছিলেন, পরবর্তী সময় জামিনে বেরিয়ে আজ পর্যন্ত পলাতক আছেন বলেও জানান এই রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।