আইনজীবী সাইফুল হত্যা মামলা

বাদীর জেরা চলছে আরও সময় চেয়েছে আসামিপক্ষ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাদী জামাল উদ্দিনের জেরা চলছে। প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি কারাগার থেকে আদালতে উপস্থাপন করা হয়।

গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হকের আদালতে এই শুনানি হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করেন। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে যুক্ত করা হয়, আর অন্য আসামিরা সরাসরি আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, বাদী জামাল উদ্দিন আগে সাক্ষ্য দিলেও তার জেরা এখনো সম্পন্ন হয়নি। একাধিক তারিখ পার হলেও আসামিপক্ষের সময়ের আবেদনের কারণে জেরা শেষ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আজ জেরা শেষ হওয়ার কথা থাকলেও আসামিপক্ষ আবারও সময়ের আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে জেরা সম্পন্নের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করা হয়।