হাসপাতালে নিকোল কিডম্যান

শুটিং চলাকালেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। বেশ কয়েক দিন থেকে তিনি ফ্লুতে আক্রান্ত হন বলে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাপল টিভি প্লাস’ এর নতুন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’এর শুটিং চলাকালীন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। খবর নিউ ইর্য়ক পোস্টের পেজ সিক্স

ছবি: সংগৃহীত

 

প্রতিবেদনে বলা হয়, গত ২২ এপ্রিল শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ বোধ করেন নিকোল। তবে পেশাদার দায়িত্ববোধ থেকে তিনি অসুস্থ অবস্থাতেই দিনের শুটিং শেষ করেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তার সহশিল্পী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানান, শুটিংয়ের প্রথমদিন নিকোল ফ্লুতে আক্রান্ত হন। সেটে কয়েকশ এক্সট্রা শিল্পী নিয়ে বড় আয়োজন থাকায় প্রযোজকের আর্থিক ক্ষতির কথা ভেবে তিনি কাজ চালিয়ে যান। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে ৫৮ বছর বয়সী নিকোল কিডম্যান।

ছবি: সংগৃহীত

অ্যাপল টিভি প্লাসে মুক্তিপ্রাপ্ত এই সিরিজে নিকোল কিডম্যান অভিনয় করেছেন লেইস চরিত্রে। তার সহঅভিনেতা নিক অফারম্যান রয়েছেন জিংক্স চরিত্রে। সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

২০২৪ সালে ফোর্বস নিকোল কিডম্যানকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে তালিকাভুক্ত করে। অস্কারজয়ী এই অভিনেত্রী চলচ্চিত্র ও টেলিভিশন দুই ক্ষেত্রেই সমান জনপ্রিয়। টম ক্রুজের সঙ্গে তার প্রথম বিয়ে হয় ১৯৯০ সালে, বিচ্ছেদ হয় ২০০১ এ।