বিটিএস তারকা ভি শ্রবণ সমস্যায় ভুগছেন

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

কেপপ বিটিএস তারকা ভি স্বাস্থ্য সমস্যার কথা স্বীকার করেছেন, যেখানে তার ডান কানের শ্রবণ ক্ষমতার চেয়ে বাম কানের ক্ষমতা মাত্র ৩০ শতাংশ কাজ করছে। এই আইডল আড়াই বছর ধরে এই সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রে কনসার্টের পর জাংকুক ও ভি বিটিএস ভক্তদের সঙ্গে আলাপচারিতার জন্য একটি লাইভস্ট্রিম করেন। সেই লাইভস্ট্রিমে ভি প্রথমবারের মতো প্রকাশ্যে জানান যে তিনি প্রায় আড়াই বছর ধরে শ্রবণশক্তি হ্রাসে ভুগছেন।

ভি তার দুই কানের শোনার পার্থক্যের কথা বর্ণনা করে বললেন, আমি তোমাদের আগে কখনও বলিনি কিন্তু প্রায় আড়াই বছর ধরে আমার শ্রবণশক্তি ভালো নেই। আমার বাম কান যেখানে প্রায় ১০০ শতাংশ শুনতে পায়, সেখানে ডান কান মাত্র ৩০ শতাংশ শুনতে পান।

ভির ভাষ্য, তিনি ওষুধ সেবন এবং হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। এই প্রথমবার গায়ক তার শ্রবণ সমস্যা নিয়ে জনসমক্ষে কথা বললেন।

ভি সেই সময়ের কথাও স্মরণ করেন যখন সামরিক প্রশিক্ষণের সময় তার উপসর্গগুলো আরও খারাপ হয়ে গিয়েছিল। এই আইডল জানান যে সেনাবাহিনীতে থাকাকালীন তার চারপাশের লোকেরা মনে করত যে তার সমস্যাটি তার ‘মানসিক সমস্যা বা ‘ইচ্ছাশক্তি’ সম্পর্কিত। পরে তিনি এই সিদ্ধান্তে আসেন যে এটি আসলেই একটি মানসিক সমস্যা ছিল।

ভক্তদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে ভি ও জাংকুক।  ছবি: হ্যাংকিউং

জাংকুক উদ্বেগ প্রকাশ করে তাকে স্বাস্থ্যের যত্ন নিতে মনে করিয়ে দেন, তখন ভি ভক্তদের আশ্বস্ত করে বলেন, আমি হাসপাতালে যাচ্ছি এবং সম্পূর্ণ চিকিৎসা নিচ্ছি।

ওই লাইভ লাইভস্ট্রিমে জংকুক তার এমন কিছু স্বাস্থ্যগত সমস্যার কথাও উল্লেখ করেছেন যা তার পারফর্ম করার ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে।

বিটিএসের এই  সর্বকনিষ্ঠ সদস্য জানিয়েছেন যে অতিরিক্ত ক্লান্তির কারণে তার পায়ের শিনবোন প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এবং সেখানে প্রদাহের লক্ষণ দেখা যাচ্ছে, যা থেকে সম্ভবত সামান্য হাড়ের ক্ষতিও হতে পারে। মঞ্চে দৌড়ানোর ইচ্ছা থাকা সত্ত্বেও, ব্যথার কারণে জাংকুককে তার নড়াচড়া সীমিত করতে হচ্ছে।

ভিই প্রথম আইডল নন যিনি প্রকাশ্যে শ্রবণ সমস্যা নিয়ে কথা বলেছেন। ভি-এর আগে, আইইউ এবং হোয়াসা-ও তাদের শৈল্পিক জীবনে কান-সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত