আজ কুমিল্লায় হঠাৎ বসুন্ধরা-মোহামেডান ম্যাচ

দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বাংলাদেশ ফুটবল লিগের (বিপিএল) পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ২ মে’র তিনটি ম্যাচ এক দিন এগিয়ে ১ মে এবং ১ মে শুক্রবারের খেলাগুলো আরও এক দিন এগিয়ে আজ ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি।

ফলে আজই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় শুরু হবে এই দ্বৈরথ। দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘ।

কিংসের সামনে মোহামেডান আতঙ্ক

পয়েন্ট টেবিলে ৩১ পয়েন্ট নিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে আছে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে মোহামেডান বরাবরই কিংসের জন্য এক ‘কঠিন বাধা’। ২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর কিংস ঘরোয়া ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে এই সাদাকালো শিবিরের কাছেই। কিংস অ্যারিনাতেও মোহামেডানের জয়ের রেকর্ড রয়েছে। যদিও বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে থাকা মোহামেডানের শিরোপা জয়ের সম্ভাবনা নেই, তবে কিংসের পয়েন্ট কেড়ে নিয়ে লিগ জমিয়ে দেওয়ার সামর্থ্য তাদের আছে।