স্বামীর সঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে রাজনৈতিক মন্তব্য করে ফের ট্রলের মখে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভোটাধিকার প্রয়োগের পরই বিজেপিকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেন এই অভিনেত্রী।
ভোট শেষে মমতা ব্যানার্জিকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে শুভশ্রী বলেন, ‘আমি শুধু একজনকেই চিনি, তিনি সবার মা দুর্গা। দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করতে প্রতিবারই মহিষাসুর আসে, আর দেবী একাই তাকে পরাজিত করেন। এবারও তেমনটাই হবে বলে আশা করছি।’
তার এই বক্তব্যে ‘মহিষাসুর’ শব্দটি দিয়ে তিনি যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কেই ইঙ্গিত করেছেন, তা সহজেই বোঝা যায়। সবাই বুঝতে পেরেছেন, মমতাকে দেবী দুর্গা বলে বিজেপিকে অসুর বললেন শুভশ্রী। এ নিয়ে ট্রলের বন্যা বইছে পশ্চিমবঙ্গজুড়ে।
২০২১ সালের নির্বাচনে পরাজয়ের পর এবার পশ্চিমবঙ্গ জয় করতে জোর প্রস্তুতি নিয়েছে বিজেপি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আবারও নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া। ব্যারাকপুর কেন্দ্রেও দলটি ভরসা রেখেছে তাদের প্রার্থী রাজ চক্রবর্তীর ওপর।