জমি লিখে না দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি লিখে না দেওয়ায় আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার নাতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার জসিম উদ্দিন মৃত মহিদুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে দাদি-নাতি। 

ফুলপুর থানার উপপরিদর্শক আজিজুল হক নাতির হাতে দাদি হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা খাতুনকে তার স্বামী অনেক আগে তালাক দিয়ে চলে যান। তার একমাত্র ছেলে মহিদুল ইসলাম মারা যাওয়ার পর নাতি জসিম উদ্দিনকে তিনি নিজেই লালন-পালন করেন। পরে জসিম বিয়ে করে আলাদা বসবাস শুরু করেন এবং তার দুই সন্তান রয়েছে। 

সম্প্রতি পারিবারিক কলহের জেরে জসিমের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাই বসবাস করছিলেন। অন্যদিকে আয়েশা খাতুন নিজ বাড়িতে থাকতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, আয়েশা খাতুনের নামে কিছু জমি রয়েছে, যার একটি অংশ জসিম চাষাবাদ করতেন। দাদির ভাইয়ের সন্তানরা জমিতে ভাগ বসাতে পারে এমন সন্দেহে জসিম দাদির কাছে জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার দিন রাত ৯টার দিকে জমি লিখে দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জসিম দা দিয়ে আয়েশা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা জসিমকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে।

উপপরিদর্শক আজিজুল হক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত