মোহামেডানকে হারিয়ে আবাহনীর চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে বসুন্ধরা

হঠাৎ করে এগিয়ে আনা ম্যাচে মোজাফরভের গোলে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু ফাহিম আর ডরিয়েল্টনের গোলে শেষপর্যন্ত বসুন্ধরা কিংসই জিতেছে।  

কুমিল্লায় ২-১ গোলের এই জয়ে বিএফএল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানের আবাহনীর চেয়ে ৬ পয়েন্টের ব্যবধান গড়েছে বসুন্ধরা। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্ট ২৮। নতুন কোচ আব্দুল কাইয়ুম সেন্টু দায়িত্ব নেওয়ার পর, প্রথম হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলছিল মোহামেডানই। অষ্টাদশ মিনিটে আরিফ হোসেনের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন সৌরভ দেওয়ান। গোলকিপার আনিসুর রহমান জিকো বিপদ বুঝতে পেরে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পথ আগলে দাঁড়ান। তাড়াহুড়া করে সৌরভের নেওয়া শট তার গায়ে লাগে।

২৮তম মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় সাদাকালো জার্সিধারীরা। কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের বাধার মুখে সাইফুল হাসান কোনোমতে টোকায় বল বাড়ান। বাইলাইনের একটু ওপরে বল পেয়ে উজবেকিস্তানের মিডফিল্ডার বুলেট শটে জিকোর পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন। এত দূরূহ কোণ থেকে গোল হজম করার হতাশায় মাথায় হাত ওঠে জিকোর।

খোলস ছেড়ে বেরিয়ে আসে বুসন্ধরা কিংস প্রথমার্ধের যোগ করা সময়ে। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেন বাইলাইনের একটু ওপর থেকে কাটব্যাক করেন বক্সে, বল পেয়ে ডান পায়ের নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফাহিম।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ শাণানোর চেষ্টা করতে থাকে। ৫৯তম মিনিটে মোজাফ্ফরভের কর্নার লাফিয়ে কর্নার করে দেন জিকো। একটু পর পাল্টা আক্রমণে ওঠা কিংসের ফরোয়ার্ড শাহরিয়ার ইমনের শট গোলকিপারে সুজনের পা ছুঁয়ে পোস্টের বাইরে যায়।

আড়াল ভেঙে ডরিয়েলটন জ্বলে ওঠেন ৬৮তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাম দিয়ে দিয়ে আক্রমণে ওঠে ফাহিম। তার বাড়ানো ক্রস পেয়ে ডান পায়ের ছোঁয়ায় জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগে এই ব্রাজিলিয়ানোর গোল হলো ১৬টি।

৭৮ মিনিটে ছোট কর্নারের পর, সোহেল রানার ক্রসে ছোট বক্সের একটু ওপর থেকে ইমন সাইড ভলি করেন, কিন্তু শট ঠিকঠাক না হওয়ায় দারুণ সুযোগ নষ্ট হয় কিংসের। একটু পর মোহামেডানের আরিফের দুর্বল ভলি গ্লাভসে জমান জিকো।

যোগ করা সময়ে রাকিবের কাটব্যাকে ডরিয়েলটনে শট দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে কর্নার করে দেন সুজন হোসেন।

দিনের আরেক ম্যাচ ব্রাদার্স-আরামবাগ ২-২ গোলে ড্র করেছে। আরামবাগ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। কিন্তু ৫১ মিনিটে মোহসিনি এংব ৮০ মিনিটে মেরাজ গোল করে সমতা ফেরান ব্রাদার্সের হয়ে।