নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারী শহিদুল্যাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর মারা গেছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
নিহত, শহিদুল্যাহ রূপগঞ্জে গঙ্গানগর এলাকার হোসেন আলী ব্যাপারীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত ১১ এপ্রিল দুপুরে গঙ্গানগর এলাকায় শহিদুল্যাহর মালিকানাধীন মৎস্য খামারের পাড়ে বসে কিছু মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে। এমনকি সেখানে মাদক সেবীরা মাদক সেবন করলে মৎস্য খামারী শহিদুল্যাহ তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত মাদক কারবারি ও সেবীরা তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিনপর তিনি বুধবার সকালে তিনি মৃত্যু বরণ করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, মারধরের ঘটনার পরই রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মৃত্যু হওয়ায় এজাহারে হত্যার ধারা সংযোগ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।