বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় হাসেম আলী (৩৭) নামের অটোভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে হাইওয়ে পুলিশ।

নিহত ভ্যান চালক হাসেম আলী নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর সড়কপাড়ার বাসিন্দা।  

জানা গেছে, সকালে নন্দীগ্রাম থেকে অটোভ্যান নিয়ে ফ্রিজ আনতে যান চালক হাসেম আলী। ফ্রিজ নিয়ে দুপুর ১টার দিকে ফেরার পথে একটি ট্রাক বেপরোয়া গতিতে অটোভ্যানে ধাক্কা দেয়। এতে মহাসড়ক থেকে ভ্যানসহ ছিঁটকে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে চাপা পড়ে চালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অটোচালক হাসেম আলীকে উদ্ধার করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত