শাহরুখের ব্যবহারে শোরগোল নেটপাড়ায়

পর্দায় যেমন ম্যাজিক করেন, তেমনই বাস্তব জীবনেও তার মানবিক আচরণ বারবার অনুরাগীদের মন জয় করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও ফের সেই দিকটাই সামনে এল বলিউড তারকা শাহরুখ খানের। 

ভিডিওটি ২০১৭ সালের। মুম্বাইয়ের এক অনুষ্ঠান শেষে গাড়ির দিকে যাচ্ছিলেন শাহরুখ। ঠিক সেই সময় এক গৃহহীন ব্যক্তি তার কাছে এসে জানান, দীর্ঘক্ষণ ধরে তিনি অপেক্ষা করছেন এবং তার খিদেও পেয়েছে। পরিস্থিতি বুঝতে সময় নেননি অভিনেতা। সঙ্গে সঙ্গে থেমে যান তিনি। অনুরাগীর মাথায় স্নেহভরে হাত রাখেন এবং নিজের নিরাপত্তারক্ষীকে তাঁর জন্য খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দেন। আশপাশে থাকা পুলিশকর্মী ভিড় সামলানোর চেষ্টা করলেও, শাহরুখের এই ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ উদ্যোগ মুহূর্তেই সকলের নজর কাড়ে। 

এক অনুরাগীর শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, গভীর রাতে রেস্তোরাঁ থেকে বেরিয়েও এক অসহায় মানুষের কথা ভাবতে ভোলেননি শাহরুখ—এমন মানুষের অমঙ্গল কেউ কামনা করতে পারে না। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় প্রশংসার ঢেউ উঠেছে। অনেকেই তার সহমর্মিতা, বিনয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেছেন।