ভৈরবে চেয়ারম্যানকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবি 

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে পুনরায় দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে শিমুলকান্দি বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা বাজার এলাকায় একটি মিছিল বের করেন।

জানা যায়, ২০২৬ সালের ২ এপ্রিল মহামান্য হাইকোর্ট শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে পুনরায় তার পদে বহাল রাখতে নির্দেশ দেন এবং প্যানেল চেয়ারম্যানের কার্যক্রম স্থগিত করেন। তবে অভিযোগ রয়েছে, আদালতের এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে বিলম্ব করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে জেলা প্রশাসকের নির্দেশে প্যানেল চেয়ারম্যান খোরশেদ আল-আমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন। পরবর্তীতে চেয়ারম্যান কারামুক্ত হলেও তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ প্রায় দুই বছর ধরে ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে উন্নয়নমূলক কাজ ও জনসেবা কার্যক্রম সচল করার দাবি জানান তারা।

১নং ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন বলেন, চেয়ারম্যান না থাকায় আমরা ইউনিয়নবাসীকে সঠিকভাবে সেবা দিতে পারছি না।

৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জজ মিয়া বলেন, দল-মত নির্বিশেষে জনগণ রিপনকে নির্বাচিত করেছেন। তাই দ্রুত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করা উচিত।

স্থানীয় বাসিন্দা রাবেয়া বেগম বলেন, আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, তাকে তার দায়িত্বে দেখতে চাই।

এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান রিপন বলেন, আমি নির্বাচিত চেয়ারম্যান হয়েও দীর্ঘদিন দায়িত্ব পালন করতে পারছি না। বাধ্য হয়ে হাইকোর্টে যেতে হয়েছে। আদালত আমার পক্ষে আদেশ দিয়েছেন, এখন তা বাস্তবায়নের অপেক্ষায় আছি।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. মামুনুর রশীদ জানান, আদালতের নির্দেশনা, প্রশাসনিক বিধিবিধান ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।

এলাকাবাসীর মতে, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।