জলবায়ু ন্যায়বিচারের দাবিতে আগুনমুখা নদীর তীরে প্রতিবাদ  

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

‘আমাদের একটাই পৃথিবী, একে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন’এই স্লোগান সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীর তীরে অনুষ্ঠিত এই মানববন্ধনে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তাদের দাবি, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন, গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানো, শিল্প ও পর্যটন খাতে দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ছাড়া ব্যবসা কেন্দ্রিক জলবায়ু সমাধানের বিরোধিতা এবং ঋণনির্ভর প্রযুক্তি হস্তান্তর বন্ধের দাবিও তুলে ধরেন তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হয়েও এর ভয়াবহ মাশুল দিতে হচ্ছে বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলোকে। শিল্পোন্নত দেশগুলোর অপরিকল্পিত শিল্পায়ন ও অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রভাব পড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের মধ্য দিয়ে। অথচ এসব দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকার সংগ্রাম করতে হচ্ছে উপকূলের সাধারণ মানুষকে।

তারা বলেন, রাঙ্গাবালীর মতো দ্বীপ ও উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং মানুষের প্রতিদিনের বাস্তবতা। নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানো, জলোচ্ছ্বাসের ঝুঁকি এবং লবণাক্ততার বিস্তারে বিপর্যস্ত হচ্ছে মানুষের জীবন-জীবিকা। এই পরিস্থিতিতে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা শুধু পরিবেশগত দাবি নয়, এটি উপকূলের মানুষের বেঁচে থাকার অধিকার।

মানববন্ধনে বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তাদের মতে, পৃথিবীকে বাসযোগ্য রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ জলবায়ু সংকটের কোনো সীমানা নেই, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব সবার।

গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) আয়োজন মানববন্ধনে বক্তব্য রাখেন ভার্কের কো-অর্ডিনেটর মোহসীন তালুকদার, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান।

সর্বশেষ সর্বাধিক পঠিত