শেরপুরের নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিমের কোন তৈরির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রংমিশ্রিত আইসক্রিমের কোন জব্দ করে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি), নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান মধ্যপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিমের কোন তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক, শেরপুরের স্যানিটারি ইন্সপেক্টর এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।