ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুরের ভাঙ্গায় গাছ থেকে নারিকেল পারাকে কেন্দ্র করে কোন্দলে শ্যামল বিশ্বাস নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত শ্যামলের মা মিনতি বিশ্বাস। আহত মিনতি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাট্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের রাধেশ্বর বিশ্বাসের ছেলে। 

স্থানীয়ভাবে জানা যায়, জমিজমা নিয়ে শ্যামল বিশ্বাস ও তার চাচা মিথিলেশ্বর বিশ্বাসের সাথে পূর্ব থেকেই কোন্দল ছিল। বৃহস্পতিবার বিকেলে বিরোধপূর্ণ জমির সীমানায় থাকা গাছ থেকে নারিকেল পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর একপর্যায়ে চাচা মিথিলেশ্বর, চাচাতো ভাই বিকাশ বিশ্বাসসহ তাদের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শ্যামলের উপর চড়াও হয়। এতে শ্যামল ও তার মা মিনতি আহত হলে গুরুতর অবস্থায় তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যামল বিশ্বাসের মৃত্যু হয়। 

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জোবায়ের নাদিম জানান, নিহত ব্যক্তির বুকে ও আহত মিনতি বিশ্বাসের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে মিনতি বিশ্বাসের চিকিৎসা চলছে।
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়না তদন্তর রিপোর্ট হাতে পাওয়া গেলে আসল ঘটনা জানা যাবে। এছাড়া বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।