জুবিন গার্গের ম্যানেজারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ভারতের প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়৷ অর্থ আত্মসাৎ করা অভিযোগ এনে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে যে ফাস্ট ট্র্যাক আদালত৷ বলা হয়েছে, ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অর্থ গায়কের কাছ থেকে আত্মসাৎ করা হয়েছিল। 

বুধবার (২৯ এপ্রিল) আসামের গুয়াহাটির একটি আদালত সিদ্ধার্থের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ও তার ছয়টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেয়। 

পুলিশের দেওয়া অভিযোগের ভিত্তিতে আদালত জানিয়েছে, ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অর্থ মূলত গায়কের তহবিল থেকে আত্মসাৎ করা হয়েছে।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, জুবিন গার্গের অর্জিত প্রায় ১ কোটি ১০ লাখ রুপি সুকৌশলে হাতিয়ে নিয়ে নিজের ব্যবসায় বিনিয়োগ করেছিলেন সিদ্ধার্থ শর্মা। তদন্তকারী কর্মকর্তারা আদালতে এমন কিছু নথি পেশ করেছেন, যা থেকে বড় অংকের অর্থ আত্মসাৎ, তহবিল স্থানান্তর এবং কালো টাকা সাদা করার প্রমাণ মিলেছে।

অভিযুক্ত ম্যানেজার তার আয়ের বৈধ উৎস বা আয়কর সংক্রান্ত কোনো সন্তোষজনক নথি প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় বিচারক শর্মিলা ভূঁইয়া এই কঠোর নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গায়কের অর্থ ইচ্ছেমতো খরচ করার পাশাপাশি একাধিক বেআইনি কাজের সঙ্গেও জড়িত ছিলেন এই ম্যানেজার। আর এই দীর্ঘ শুনানিতে সিদ্ধার্থ তার বিপুল সম্পত্তির আয়ের উৎস সম্পর্কে কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যাও দিতে পারেননি।

এর আগে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যান আসামের জুবিন গার্গ।